
জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগেশ্বরী সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ডা. মাহমুদা মিতুর একটি ভিডিও পোস্টে সজিব আহমেদ আপত্তিকর ভাষায় মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সংসদ সদস্য নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে ওই মন্তব্যের স্ক্রিনশট এবং অভিযুক্তের প্রোফাইলের ছবি প্রকাশ করে বিষয়টি জনসম্মুখে আনেন।

পোস্টটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং সাধারণ নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অনেকেই মন্তব্যে এ ধরনের আচরণকে অনভিপ্রেত ও সংগঠনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন।
একজন মন্তব্যকারী আবু সাঈদ সিফাত লিখেছেন, অভিযুক্ত ব্যক্তি তার বন্ধু হলেও এমন আচরণের কারণে এখন লজ্জিত বোধ করছেন বলে উল্লেখ করেন। আরেক স্থানীয় বাসিন্দা মো. মোবাশ্বার মন্তব্য করেন, “একজন ছাত্রের মুখে এমন ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “যদি লিখিত অভিযোগ হাতে পাই, এআই-এর যুগে তথ্যের সত্যতা যাচাই করে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল নেতাদের এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য এবং সংগঠনের শৃঙ্খলার ওপর এর প্রভাব কতটা গভীর হতে পারে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন অনেকে।
আপনার মতামত লিখুন :