কুড়িগ্রামের জিয়া বাজারে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ


HK প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন /
কুড়িগ্রামের জিয়া বাজারে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার জিয়া বাজারসহ আশপাশের এলাকায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা বাজারের দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গণভোটের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনে প্রচারণা চালান। এ সময় তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অবস্থান ব্যাখ্যা করেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, মুখ্য সংগঠক সাকিব হাসান, সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন, সংগঠক আশিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সংগঠনের আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন,
“এই গণভোট কোনো ব্যক্তি বা দলের জন্য নয়—এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা মানুষের দোকানে দোকানে গিয়ে কথা বলছি, তাদের মতামত শুনছি। সাধারণ মানুষ যদি বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তাহলে কোনো শক্তিই জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না। ছাত্রসমাজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রামের মানুষ সচেতন ও প্রতিবাদী। আমরা বিশ্বাস করি, এই গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করার মাধ্যমে জনগণ ন্যায়ের পক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, গণভোটকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।