
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে বিভক্ত অবস্থান দেখা দিয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে মনোনয়ন দেওয়ার দাবিতে একপক্ষ মানববন্ধন, র্যালি ও সাংবাদিক সম্মেলন করেছে, অপরদিকে ঘোষিত প্রার্থী তাসভীর-উল ইসলামের সমর্থকরা এই দাবিকে “ষড়যন্ত্রমূলক” বলে দাবি করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরের পেট্রল পাম্পসংলগ্ন এলাকায় “উলিপুরের সর্বস্তরের জনগণ” ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন আব্দুল খালেকের সমর্থকরা। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, হারুন-উর-রশীদ, ইসমাঈল হোসেন, তারাজুল ইসলাম, মাওলানা আবুল গণিসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে উলিপুর বিএনপির কান্ডারি হিসেবে পরিচিত আব্দুল খালেককে উপেক্ষা করে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে।”
তারা আরও বলেন, “আব্দুল খালেকের নেতৃত্বে উলিপুরে বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাকে প্রার্থী ঘোষণা করা হলে শুধু উলিপুর নয়, পুরো কুড়িগ্রাম জেলায় বিএনপি আরও শক্তিশালী হবে।”
পরে পেট্রল পাম্পসংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আব্দুল খালেকের অনুসারীরা। কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য ওবায়দুল হক বলেন, “কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী তাসভীর-উল ইসলাম আন্দোলনবিমুখ ও আওয়ামী লীগের সাথে আতাত করে চলা ব্যক্তি। বরং ১৭ বছর ধরে নির্যাতিত ও পরীক্ষিত নেতা আব্দুল খালেকই এ আসনের উপযুক্ত প্রার্থী।”
তিনি আরও দাবি করেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে আব্দুল খালেক রংপুর বিভাগে নেতৃত্ব দিয়েছেন এবং কারাবরণ করেছেন। তার পরিবর্তে অনাগ্রহী কাউকে প্রার্থী করা উলিপুরের জনগণের প্রত্যাশার সঙ্গে যায় না।”
অন্যদিকে, প্রার্থী ঘোষণায় সমর্থন জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বলেন, “যারা প্রার্থীর পরিবর্তনের দাবি তুলছেন তারা বিএনপির কেউ নন, তারা ষড়যন্ত্রকারী। উলিপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তাসভীর-উল ইসলামকে প্রার্থী করা, দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তাসভীর-উল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :