উলিপুরে পোস্টার ছেঁড়া নিয়ে ক্ষোভ, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড়


HK প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন /
উলিপুরে পোস্টার ছেঁড়া নিয়ে ক্ষোভ, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড়

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন, শুরু করেছেন প্রচার-প্রচারণা। এরই মধ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর অনুসারীদের টাঙানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যারিস্টার সালেহীর দাঁড়িপাল্লা প্রতীকযুক্ত ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। এতে জামায়াতের কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর ৬ নভেম্বর উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছেঁড়া ব্যানারের ছবিসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়—

“উলিপুরে আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না।
ব্যানার ছিঁড়তে পারো, মানুষের হৃদয়ের ভালোবাসা ছিঁড়বে কী করে!
ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ীতে কে বা কাহারা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর দাঁড়িপাল্লা মার্কার ব্যানার ছিঁড়ে ফেলেছে। অপকর্মকারীদের এই অপকর্ম আমরা ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পোস্টার ছেঁড়ার ঘটনাকে অসহিষ্ণু রাজনীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনের এখনও এ ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা—সব দল ও প্রার্থী যেন পরস্পরের প্রতি সহনশীল আচরণ করে একটি শান্তিপূর্ণ ও ন্যায্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে।