কুড়িগ্রাম-১ আসনে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের আহ্বান জানালো বিএনপি


HK প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ১০:২২ অপরাহ্ন /
কুড়িগ্রাম-১ আসনে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের আহ্বান জানালো বিএনপি

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে তৃণমূলে ব্যাপক তৎপরতা চলছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুকানদিঘি এলাকার মোজাম্মেল মাস্টারের বাড়ি এবং ২নং ওয়ার্ডের ডাকনিরপাঠ গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে নারী ভোটারদের অংশগ্রহণে দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বৈঠকে প্রায় ৪ শতাধিক নারী ভোটারের উপস্থিতি এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা’র সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছাঃ শামিমা রহমান আপন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান আকাশ এবং ভুরুঙ্গামারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম।

বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর জনগণ শুধুই প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবায়ন দেখেনি। রানা আগেও ভোটে জিতলেও ক্ষমতাসীনদের কারণে ফল হয়নি। তারা দাবি করেন, এবারের নির্বাচন হবে তরুণদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ‘পরিবর্তনের ভোট’।

উঠান বৈঠকে শামিমা রহমান বলেন, ‘জামায়াত এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যেতে হলে নামাজ, রোজা, হজ্জ-যাকাতের প্রয়োজন—কোনো মার্কায় ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যায় না।’

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ধানের শীষকে বিজয়ী করতে পারলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কোনো মা-বোন বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি। দল-মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রচারণা চলে। নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা এবার বিএনপির দিকে ঝুঁকছে।

বৈঠকে ঘরে ঘরে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনি পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।