বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালে ৪৭ কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা, জনপ্রতি ৩ লাখ টাকা দাবির অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন ৪৭ জন অস্থায়ী কর্মচারী। ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের বিরুদ্ধে জনপ্রতি তিন লাখ টাকা দাবির অভিযোগ তুলে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সোমবার বিকেল চারটায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কর্মচারী ও সচেতন নাগরিকেরা।

মানববন্ধনে বক্তব্য দেন শাওন আহমেদ, হাশি মিয়া ও সাবিতসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, তাঁরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর হাসপাতালে কর্মরত থাকলেও গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না। আগের কর্মচারীদের বহাল রাখার আশ্বাসে তাঁরা কাজ চালিয়ে গেলেও নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড প্রত্যেক কর্মচারীর কাছে তিন লাখ টাকা করে দাবি করছে। টাকা না দিলে তাঁদের পরিবর্তে নতুন লোক নিয়োগের হুমকিও দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, “আমরা অসহায় মানুষ। এত টাকা কোথায় পাব? চার মাস ধরে বিনা বেতনে কাজ করছি। এখন আবার চাকরি হারানোর আশঙ্কায় রয়েছি। কার্যাদেশ পাওয়ার আগেই টাকা দাবি করা হলে তা তদন্ত করা প্রয়োজন। আমরা অবিলম্বে এই টেন্ডার বাতিল করে আগের কর্মচারীদের পুনর্বহালের দাবি জানাচ্ছি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৭ জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন তাঁদের চাকরির মেয়াদ নবায়ন না করে গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড কাজটি পায় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক আগের ৪৭ জন কর্মচারীকে পুনর্বহালের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসে তাঁরা গত চার মাস ধরে বিনা বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁদের বহাল না রেখে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে কার্যাদেশ না পেলেও প্রতিষ্ঠানটি কর্মচারীদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

মানববন্ধনে আবেগাপ্লুত হয়ে কয়েকজন কর্মচারী বলেন, তাঁদের আয়ের ওপর স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা নির্ভরশীল। চাকরি হারালে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়বেন তাঁরা। তাই টেন্ডার প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তাঁদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তাঁরা।

ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, “স্থানীয় একটি চক্র আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নের চেষ্টা চালাচ্ছেন। আমরা কারো কাছে কোন অর্থ দাবি করি নাই। যে ৪৭জন কর্মচারী নিয়োজিত আছেন তারাই নিয়োগ পাবেন। তাদের রিজিক আমরা নষ্ট করব না। সবকিছু সরকারি নিয়ম মেনে করা হচ্ছে।”

এ বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক নুর নেওয়াজ বলেন, “আমরা এখন পর্যন্ত ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ কিংবা কার্যাদেশ দেইনি। কিভাবে তারা চাকরির কথা বলে টাকা নিচ্ছে তা আমাদের বোধগম্য নয়।আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]