
নিউজ ডেস্ক অনলাইন | ২৫ অক্টোবর ২০২৫, শনিবার
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মৎস্য অনুষদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আলীম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা, নৈতিক শিক্ষার গুরুত্ব ও সিনিয়রদের অনুসরণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।
ডিন প্রফেসর ড. আব্দুল আলীম তাঁর বক্তব্যে কুড়িগ্রামের নদ-নদী ও দেশীয় মাছের প্রজাতি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “মাছ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিষমুক্ত মাছ উৎপাদন ও উদ্যোক্তা তৈরির দিকে মনোযোগী হতে হবে।”
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে, র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে দূরে রাখে।” তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে তিনটি নতুন ক্লাব গঠনের পরিকল্পনার কথা জানান।
এছাড়া তিনি শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে বিশ্ববিদ্যালয়ে চালু করা হটলাইন নম্বর, অনলাইন ফর্ম, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও অভিযোগ বক্স ব্যবহারের নির্দেশ দেন। উপাচার্য বলেন, “কুড়িকৃবির শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের একাডেমিক সহায়তায় সর্বদা প্রস্তুত থাকবেন।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি নাটিকা, দলীয় সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে স্মৃতিচিহ্ন হিসেবে একটি গ্রুপ ছবি তোলেন।
নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে আনন্দময় সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :