কুড়িগ্রামে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় রুবেলের যাবজ্জীবন কারাদণ্ড


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন /
কুড়িগ্রামে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় রুবেলের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আনোয়ার হোসেন রুবেল (৩৩) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত রুবেল নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, স্থানীয় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর ২০১২ সালের ১৪ মার্চ রুবেল ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন। দীর্ঘ ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।

বেঞ্চ সহকারী এরশাদ আলী জানান, আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় রুবেলকে যাবজ্জীবন এবং ৭ ধারায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণাকালে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার আদালতে উপস্থিত ছিলেন।