কুড়িগ্রামের চার উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা


HK প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৯:১০ অপরাহ্ন /
কুড়িগ্রামের চার উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক ॥ হামার কুড়িগ্রাম

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল পুনঃখনন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামের সদর, উলিপুর, রাজারহাট ও ভূরুঙ্গামারী উপজেলায় পৃথকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সদরে খাল পুনঃখনন উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের সূচনা করেন তিনি। পরে খালের পাড়ে বৃক্ষরোপণও করেন।

ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। খালের পানি ব্যবহার করে কৃষকরা চাষাবাদ করতেন এবং মাছ চাষের মাধ্যমে মানুষের আমিষের চাহিদা পূরণ হতো। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পুনরায় খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে দেশের ৬৩টি জেলায় মোট ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। চলতি বছরেই ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০ কোটি গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।

জানা গেছে, প্রায় ৫১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার খাল পুনঃখনন ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ খুদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান এবং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উলিপুরে ২ কিলোমিটার খাল পুনঃখনন উদ্বোধন

উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের এমপি’র পোদ্দারের মোড় থেকে সুরীর ডারা বুড়িতিস্তা ব্রিজ পর্যন্ত ২ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।

প্রায় ৫৫ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ভরাট হয়ে থাকা খাল পুনরায় খনন করা হবে। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন, সেচ সুবিধা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা, তৌফিকুর রহমান লাভলু, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবীর কাজল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজারহাটে এক কিলোমিটার খাল খনন কার্যক্রম উদ্বোধন

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা থেকে পশ্চিম দেবত্তর মাদ্রাসা ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে শ্রমমজুরি ও নন-ওয়েজ বাবদ ২৫ লাখ ৭৪ হাজার ৮৪৮ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা এনসিপির আহ্বায়ক জমায়েত হোসেন খোকন, জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা খলিলুর রহমান রুকুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া বিল পুনঃখনন উদ্বোধন

ভূরুঙ্গামারী উপজেলার ঝুকিয়া বিল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-1 আসনের জামায়াতের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা ব্যয়ে ঝুকিয়া বিলের দুই কিলোমিটার পুনঃখনন করা হবে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

স্থানীয়দের দাবি, ঝুকিয়া বিল পুনঃখনন হলে ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুল পরিমাণ কৃষিজমির জলাবদ্ধতা দূর হবে। একই সঙ্গে মাছ চাষ, পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান, পুনঃখননের পাশাপাশি সেখানে দুটি বক্স কালভার্ট, একটি কাঠের সেতু নির্মাণ, বিলের দুই পাড়ে বৃক্ষরোপণ এবং পানি সেচ পাইপ স্থাপন করা হবে।

তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ ও ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন এবং জামায়াত নেতা ফেরদৌস হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল ও বিল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের আবাস পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।