
হামার কুড়িগ্রাম প্রতিবেদক
আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত কুড়িগ্রামসহ রংপুর বিভাগের উত্তরের জেলাগুলো—পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুরে প্রতিদিনই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অ্যালার্ট টিম (BWOT)।
এই সময়ে রংপুর বিভাগের উত্তরাংশে মোটামুটি ভালো বৃষ্টিপাত হতে পারে এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়লেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে এই সময়ের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেক কম থাকতে পারে। এতে করে দক্ষিণ, মধ্য ও পূর্বাঞ্চলে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে, যা জনজীবনে কিছুটা দুর্ভোগ সৃষ্টি করতে পারে।
তবে আশার খবর হচ্ছে, ১৩ আগস্ট কিংবা তার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে। যদিও দিনের বেলা গরমের অনুভব তখনও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির এই পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় প্রশাসন, কৃষক ও নাগরিকদের সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে BWOT।
সূত্র: Bangladesh weather observation team – BWOT
আপনার মতামত লিখুন :