
উন্নয়নের ক্ষেত্রে উলিপুর উপজেলার সকল ইউনিয়ন ও এলাকার প্রতি সমান গুরুত্ব দিয়ে কাজ চলবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও জনসেবামূলক বিভিন্ন খাতে ইতোমধ্যে একাধিক উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।
এছাড়া সাহেবের আলগা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, সাহেবের আলগার পর থেতরাইয়েও ক্লিনিকের প্রায় ১.১৯ একর জায়গা রয়েছে এবং খুব শিগগিরই এ অঞ্চলের মানুষ এ বিষয়ে সুসংবাদ পাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে ম্যাটারনিটি ডেলিভারি সেকশন চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে বুড়াবুড়ি, বেগমগঞ্জসহ চরাঞ্চলগুলোতে অতিরিক্ত দুটি করে ক্লিনিক স্থাপনের বিষয়েও ডিও লেটার দেওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে হাটশেড নির্মাণকাজ চলমান রয়েছে। ইতোমধ্যে বুড়াবুড়ি বাজার ও বজরা বাজারে হাটশেড নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি থেতরাই বাজারেও নতুন হাটশেড নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব গুরুত্বপূর্ণ বাজারে হাটশেড নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
সবশেষে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বলেন, “জনপ্রতিনিধি হিসেবে নয়, আপনাদের খাদেম হিসেবে সকল এলাকার মানুষের প্রতি সমান দৃষ্টি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
আপনার মতামত লিখুন :