
উপজেলা প্রতিনিধি, উলিপুর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার(৩ নভেম্বর) সকাল ১০টায় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। চর রাজিবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বাছাই কার্যক্রম পরিচালনা করেন কচাকাটা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিনাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলায় অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ বেগম, উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ, উপজেলা মহিলা প্রশিক্ষক তাহেরা খাতুনসহ উলিপুর পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা, দলনেত্রী ও সদস্যবৃন্দ।
যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তথ্য যাচাই, ডিউটি প্রস্তুতি ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা করা হয়।
আনসার ও ভিডিপি কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে আনসার বাহিনী সবসময় সজাগ, শৃঙ্খলাবদ্ধ ও প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তারা।
আপনার মতামত লিখুন :