
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা সহায়তা প্রদানের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের গুদাম চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
এসময় মোট ২ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান, রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক তারেকুর রহমানসহ সাত ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস ও ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :