কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। হামলার শিকার সাংবাদিক জুবাইর নিজেই বাদী হয়ে এজাহারটি দায়ের করেন।
শনিবার বিকেলে এজাহারটি উলিপুর থানায় পৌঁছে দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।
এজাহারে উপজেলা বিএনপির নেতা নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী রফিক হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক জুবাইর বলেন, ‘গত বুধবার হামলার শিকার হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আজ দুপুরে বাড়ি ফিরেছি। হামলাকারীরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর মধ্যে থানায় এজাহার দিয়েছি। আশা করছি, পুলিশ মামলা নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনবে।’
তবে এজাহার গ্রহণ করা হলেও শনিবার রাত ৮টা পর্যন্ত সেটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে সাংবাদিক মোহাম্মদ জুবাইরকে অনুষ্ঠানস্থল থেকে টেনে বের করে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।






