উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা
হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে হামলার শিকার সাংবাদিক মোহাম্মদ জুবাইর নিজে বাদী হয়ে এজাহারটি দায়ের করেন। পরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম এজাহারটি উলিপুর থানায় পৌঁছে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।
এজাহারে উপজেলা বিএনপির নেতা নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী রফিক হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
সাংবাদিক মোহাম্মদ জুবাইর বলেন, গত বুধবার হামলার ঘটনায় তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তিনি বাড়ি ফিরেছেন। তাঁর অভিযোগ, হামলার পর থেকে বিভিন্নভাবে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি হামলার ঘটনায় মামলা করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
তবে এজাহার গ্রহণ করা হলেও শনিবার রাত ৮টা পর্যন্ত সেটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।
এ বিষয়ে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে সাংবাদিক মোহাম্মদ জুবাইরকে সেখান থেকে টেনে বের করে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।






