ঈদে যাত্রীচাপ সামলাতে ঢাকা–কুড়িগ্রাম রুটে স্পেশাল ট্রেন চাইলেন এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ


HK প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন /
ঈদে যাত্রীচাপ সামলাতে ঢাকা–কুড়িগ্রাম রুটে স্পেশাল ট্রেন চাইলেন এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঢাকা–কুড়িগ্রাম–ঢাকা রুটে অতিরিক্ত (স্পেশাল) ট্রেন চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনপত্রে তিনি এ দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা হওয়ায় জীবিকার তাগিদে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় অবস্থান করেন। প্রতি বছর ঈদ এলেই এসব মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরেন, ফলে যাত্রীচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বর্তমানে ঢাকা–কুড়িগ্রাম রুটে সীমিতসংখ্যক ট্রেন চলাচল করায় এই অতিরিক্ত চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে সড়কপথে দীর্ঘ যানজট ও পরিবহন সংকটের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

এ পরিস্থিতিতে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে অন্তত ২ থেকে ৩টি অতিরিক্ত ‘ঈদ স্পেশাল ট্রেন’ চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ আশা প্রকাশ করেন, কুড়িগ্রামবাসীর এই যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।