ইসলামি বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর ডাক ইরান-মালয়েশিয়ার


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন /
ইসলামি বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর ডাক ইরান-মালয়েশিয়ার

গাজায় চলমান মানবিক বিপর্যয় রোধে ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ বুধবার (৬ আগস্ট) সকালে এক টেলিফোন আলাপনে এ পদক্ষেপের কথা তুলে ধরেন পেজেশকিয়ান।

পেজেশকিয়ান বলেন, গাজায় যা ঘটছে তা কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি ইসলামি দেশগুলো সক্রিয় কূটনীতি ও সমন্বিত চাপের মাধ্যমে এই অপরাধ বন্ধে ঐক্যবদ্ধভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসবে।’

পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় নিপীড়িত ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষায় পাশে থেকেছে। অন্য ইসলামি দেশগুলোকে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ‘গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ কার্যকর হতে পারে।’

সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের একমাত্র অপরাধ হচ্ছে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো এবং তাদের মানবাধিকারের পক্ষে কথা বলা। কিন্তু বিশ্বের দম্ভশালী শক্তিগুলো এটিকেই অপরাধ হিসেবে চিহ্নিত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে।’

আলোচনার একপর্যায়ে পেজেশকিয়ান ইরান ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা নিন্দা জানিয়ে বলেন, মালয়েশিয়ার সরকার ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এছাড়া গাজায় গণহত্যা বন্ধে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আশা করি ইসলামি দেশগুলোর ঐক্য ও সহযোগিতার মাধ্যমে এসব অপরাধ বন্ধ করা সম্ভব হবে।’

আলোচনার শেষে আনোয়ার ইব্রাহিম ইরান সফরের আমন্ত্রণের জন্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান এবং সফরে আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: মেহের নিউজের