ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে হাসপাতাল চেয়ে আবেদন


HK প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন /
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে হাসপাতাল চেয়ে আবেদন

অনলাইন নিউজ ডেস্ক ॥
বাংলাদেশের অন্যতম প্রান্তিক ও দুর্গম জেলা কুড়িগ্রামে দরিদ্র ও অসহায় মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামিক মিশন হাসপাতাল স্থাপনের দাবি উঠেছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম-এর চেয়ারম্যান ড. আতিক মজাহিদ সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানান।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রামের অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে এবং মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। জেলার ৫০০-এর অধিক চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী জেলা শহর কিংবা রাজধানীতে যেতে হয়। এতে সময়, অর্থ ও জীবনের নিরাপত্তা—সব দিক থেকেই মারাত্মক ভোগান্তি পোহাতে হয় তাদের।

ড. আতিক মজাহিদ বলেন, “কুড়িগ্রামে একটি ইসলামিক মিশন হাসপাতাল প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এতে দরিদ্র জনগোষ্ঠী সহজলভ্য, সুলভ ও মানবিক চিকিৎসা সেবা পাবে। পাশাপাশি ইসলামিক মূল্যবোধের আলোকে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবসেবা ও কল্যাণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।”

স্থানীয়রা জানান, চিকিৎসা সংকটে ভোগা চরাঞ্চলের মানুষদের জন্য দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ হাসপাতালের দাবি থাকলেও তা পূরণ হয়নি। তারা আশা প্রকাশ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগ নিলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় প্রায় ২৩,২৯,১৬০ জন মানুষ বসবাস করে, যাদের একটি বড় অংশ নদীভাঙন ও চরাঞ্চলে জীবিকা নির্বাহ করে আসছে। স্বাস্থ্যসেবা বঞ্চিত এসব মানুষের কল্যাণে সরকার ও বেসরকারি উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠা এখন জরুরি হয়ে পড়েছে।