
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার পা রেখেছে দেশের উত্তর প্রান্তের সীমান্ত জেলা কুড়িগ্রামে। দীর্ঘদিন ধরে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে আসা এই অনুষ্ঠানের এবারের পর্ব ধারণ করা হয়েছে উলিপুর উপজেলার ঐতিহ্যবাহী মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর বাইরে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, সংস্কৃতি ও জীবনযাত্রাকে পর্দায় তুলে আনছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বে কেন্দ্রবিন্দু ছিল ভাওয়াইয়া সংগীত, উত্তরাঞ্চলের প্রাণের এই সুর ও সংস্কৃতি।
দীর্ঘ দেড় শতাধিক বছরের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে যখন ইত্যাদির মঞ্চ তৈরি হয়, তখন থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো কুড়িগ্রাম জুড়ে। অনুষ্ঠান ধারণের দিন দুপুরের পর থেকেই মাঠে উপচে পড়ে দর্শকের ঢল। জেলা প্রশাসনের আমন্ত্রণপত্র ছাড়াও হাজার হাজার মানুষ ছাদ, রাস্তা ও গাছতলায় দাঁড়িয়ে উপভোগ করেন তাদের প্রিয় অনুষ্ঠানটির শুটিং। স্থানীয়দের ভাষায়— “কুড়িগ্রামে এত বড় দর্শক সমাগম আগে কখনও দেখা যায়নি।”
অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে কেন্দ্র করে পরিবেশিত হয় মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান। এতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটির সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী, কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।
বিশেষ আকর্ষণ ছিল ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের কালজয়ী গান ‘ও কি গাড়িয়াল ভাই’, যা নতুনভাবে পরিবেশন করেছেন শিল্পী সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। পুরনো সুরের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নতুন সংগীতায়োজন করেছেন মেহেদী।

ইত্যাদির নিয়মিত দর্শকপর্বেও এবার ছিল ভাওয়াইয়াকেন্দ্রিক আয়োজন। দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন অংশ নেন ভাওয়াইয়া সংগীত নিয়ে সাজানো প্রশ্নোত্তর ও পরিবেশনায়। পাশাপাশি বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মার জীবন ও অবদান নিয়েও প্রচারিত হবে বিশেষ প্রতিবেদন।
এছাড়া থাকছে কুড়িগ্রামের ইতিহাস ও সংগ্রামী মানুষের জীবন নিয়ে একাধিক ফিচার— বীর প্রতীক তারামন বিবি, জননেতা মওলানা ভাসানী, চিলমারী নদীবন্দর এবং কুড়িগ্রামের চরাঞ্চলের জীবনযাত্রা নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য রিকতা আখতার বানুর প্রতিষ্ঠিত বিদ্যালয় নিয়েও থাকছে মানবিক গল্প।
বিদেশি প্রতিবেদন অংশে দর্শকরা ঘুরে আসবেন সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ড ও কুসু দ্বীপে, যেখানে প্রকৃতি ও আধুনিক স্থাপত্য মিলেমিশে তৈরি করেছে স্বপ্নিল সৌন্দর্য।
ইত্যাদির নিয়মিত নাট্যাংশে থাকছে সমসাময়িক সামাজিক অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক নাটিকা— ‘ভাইরাল ভাইরাস’, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’, ‘দায়বোধ বনাম আয়বোধ’ প্রভৃতি। এতে অভিনয় করেছেন আবদুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশীষ ভৌমিক, মুকিত জাকারিয়া, নিপু, রিমু রোজা খন্দকারসহ বহু জনপ্রিয় শিল্পী।
সব সময়ের মতোই এবারের ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আজ শুক্রবার (৩১ অক্টোবর), রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
আপনার মতামত লিখুন :