বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দ দেওয়া ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সুবিধাভোগীদের বিস্তারিত তালিকাও প্রকাশ করেছেন তিনি।
প্রাপ্ত তথ্যমতে, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণভান্ডার থেকে কুড়িগ্রাম-১ আসনের জন্য মোট ২০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নাগেশ্বরী ও কচাকাটা এলাকার জন্য ১৩৫টি এবং ভূরুঙ্গামারী উপজেলার জন্য ৬৫টি শাড়ি বরাদ্দ রাখা হয়।
বরাদ্দ করা শাড়ি সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সুবিধাভোগীদের হাতে এসব শাড়ি তুলে দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রীর এই উপহার বিতরণে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে, যাতে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিরা সরকারি সহায়তা পান।
বিতরণ কার্যক্রমের পর সংসদ সদস্যের পক্ষ থেকে সুবিধাভোগীদের টিপসই, নাম, পিতা বা স্বামীর নাম, ইউনিয়ন, গ্রাম ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়। কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনগুলোর মধ্যে কেবল কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্যই শাড়ি বিতরণের পর এ ধরনের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন।
তালিকায় নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের প্রবীণ ও দরিদ্র নারীদের নাম রয়েছে। উৎসবের আগে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগী ও স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, বিভিন্ন উৎসব-পার্বণে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।






