রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তির রাজারহাট উপজেলা কমিটির নবমনোনীত যুগ্ম আহ্বায়ক পদসহ সংগঠনটির সব পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইমন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা না দেওয়ায় তাঁর কাছে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠিয়েছে সংগঠনটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইমন খান লেখেন, “আমি ব্যক্তিগত কারণে আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর অঙ্গ সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র সকল পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।”
এর আগে, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির রাজারহাট উপজেলা শাখার পূর্ববর্তী মেয়াদের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়। জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক নূর আমিনের সুপারিশে এবং উপজেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্যসচিব সাদিকুর রহমান সাদিকের যৌথ অনুমোদনে এ বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন ইমন খান।
ইমন খানের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তির রাজারহাট উপজেলা শাখার সদস্যসচিব আরিফুর ইসলাম বলেন, ইমন খান এর আগে ঘড়িয়ালডাঙা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের বিষয়টি সংগঠনের নজরে এসেছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি।
আরিফুর ইসলাম আরও বলেন, বিষয়টি স্পষ্ট করার জন্য ইমন খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এখনো তিনি নোটিশের জবাব দেননি। তাঁর কাছ থেকে আশানুরূপ ব্যাখ্যা না পাওয়া গেলে সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী অব্যাহতিসহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।






