
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে করে এলাকার জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, এই সড়কটি দিয়ে ৯ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ নিয়মিত চলাচল করে থাকেন। এছাড়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাশিমবাজার এলাকার বাসিন্দারা, একটি মহিলা কলেজ, একটি আলীম মাদ্রাসা এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও শিক্ষক প্রতিদিনই এই জলাবদ্ধ সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
অভিযোগ রয়েছে, জলাবদ্ধতা নিরসনে পূর্বে একটি ছোট ড্রেন নির্মাণ করা হলেও তা কার্যকর হয়নি। বর্তমানে সেটি অচল অবস্থায় পড়ে আছে এবং এলাকাটি মশার প্রজননস্থলে পরিণত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।
স্থানীয়রা দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা ও টেকসই ড্রেনেজ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয় এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।
আপনার মতামত লিখুন :