কুড়িগ্রাম প্রশাসক (ডিসি) সাথে রাজারহাট উপজেলার সকল কর্মকর্তা ও স্থানীয় সচেতন ব্যক্তিদের নিয়ে মতবিনিময়।


HK প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন /
কুড়িগ্রাম প্রশাসক (ডিসি) সাথে রাজারহাট উপজেলার সকল কর্মকর্তা ও স্থানীয় সচেতন ব্যক্তিদের নিয়ে মতবিনিময়।

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সুধীজনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা বসে।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় স্থানীয় সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখেন উপস্থিত কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন।

শিক্ষা: উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্কুল ড্রপআউট রোধ ও অবকাঠামোগত সমস্যা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

স্থানীয় রাজনীতি ও সামাজিক সচেতনতা: উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন এবং হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি আজম আলী সামাজিক সমস্যা দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সামাজিক সমস্যা: যানজট, বাল্য বিবাহ, মাদক ও টেকসই উন্নয়ন বিষয়ে জোরালো বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, আসাদুজ্জামান আসাদ ও আব্দুল কুদ্দুস। তারা সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান চান।

মাঠপর্যায়ের অভিজ্ঞতা: উমরমজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর আদিল এবং হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল মালেক গ্রামীণ জনপদের মানুষের সমস্যা সরাসরি উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আবু তাহের এবং উপজেলা একাডেমি অফিসার আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ সকলের আলোচনা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন ও সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনসেবার মান আরও উন্নত করতে সকলের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সভাকে স্থানীয় পর্যায়ে উন্নয়নের পথে একটি ইতিবাচক ও ফলপ্রসূ পদক্ষেপ হিসেবে দেখছেন উপস্থিত সকলেই।