নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্ট, গ্রাফিক্স ও বিভিন্ন প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টার ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ অননুমোদিত এবং দলের সাংগঠনিক অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন,
“একটি স্বার্থান্বেষী মহল এবং কিছু ভুয়া বা অননুমোদিত ফেসবুক পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।”
তিনি নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“যাচাই-বাছাই ছাড়া কোনো পোস্ট, ছবি বা তথ্য শেয়ার কিংবা প্রচার করবেন না। দলীয় সিদ্ধান্ত, কমিটি বা সাংগঠনিক বিষয়ে শুধুমাত্র দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং অনুমোদিত সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করুন।”
তিনি আরও জানান, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, বিএনপি একটি বৃহৎ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব বা ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দলের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণায় অংশ না নেওয়ার জন্য সকলের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
“অপপ্রচার নয়, সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলাই বিএনপির শক্তি”—এই বার্তা পুনর্ব্যক্ত করে সকলকে দায়িত্বশীল আচরণ এবং যাচাইকৃত তথ্য প্রচারের আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।






