
ডেস্ক নিউজ
কুড়িগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের জন্য জেলা বিএনপির গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা।
রোববার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব এবং জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কুড়িগ্রাম-২ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। এ বিষয়ে পূর্বেও সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে অপপ্রচার চালাচ্ছে। এমনকি একটি পত্রিকায় দলীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে দাবি করা হয়।
তাদের মতে, প্রকৃত পরাজিত প্রার্থীকে বিজয়ী করার জন্য যে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে, তার দায় বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে। দলের ঐক্য বিনষ্টের উদ্দেশ্যে এসব অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা বলেন, কুড়িগ্রাম জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও সকল নেতা-কর্মী একসঙ্গে কাজ করে যাবে। একইসঙ্গে আগামীতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল নেতৃবৃন্দের মতামত নিয়ে বস্তুনিষ্ঠ ও সঠিক সাংবাদিকতা করার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :