এনসিপি প্রার্থী আতিক মুজাহিদের ভাইয়ের ওপর হামলা, বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন /
এনসিপি প্রার্থী আতিক মুজাহিদের ভাইয়ের ওপর হামলা, বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ড. আতিক মুজাহিদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে ড. আতিক মুজাহিদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত স্টিকার ও ছবি সংবলিত একটি গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা আশিকুর রহমানসহ আরও পাঁচজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসানের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় অংশ নেন।

ড. আতিক মুজাহিদের দাবি, তাকে লক্ষ্য করেই হামলার উদ্দেশ্যে আসা হয়েছিল। তবে ঘটনাস্থলে তাকে না পেয়ে তার ছোট ভাই ও সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রতিবাদে ড. আতিক মুজাহিদ নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানায় আমিমুল ইহসানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

ড. আতিক মুজাহিদ বলেন, “তারা ভোটের মাঠে হারবে—এই আশঙ্কা থেকেই এখন ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে চায়। কিন্তু কুড়িগ্রামের মানুষ ভয় পায় না।”

আহত আশিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্য আহতদের কুড়িগ্রামেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।