কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থীর বিজয়, ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলাম


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন /
কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থীর বিজয়, ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলাম

মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং রাতে বিভিন্ন কেন্দ্রের ফলাফল একত্র করে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

গণনায় দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অধ্যাপক আনোয়ারুল ইসলাম মোট ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট। ফলে ১৭ হাজার ১৭৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী।

এই আসনে মোট ২৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৫০ হাজার ৩৯২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনি পেয়েছেন ৩৮ হাজার ৬৭০ ভোট। জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আবদুল হাই পেয়েছেন ২ হাজার ৮৬৯ ভোট এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ২৬৬ ভোট।

আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৪২৪ জন, নারী ভোটার ২ লাখ ৮২ হাজার ৫৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ২ লাখ ২৯ হাজার ৬০৩টি এবং ‘না’ পক্ষে ভোট পড়েছে ৯২ হাজার ৪৮১টি।

চূড়ান্ত সরকারি ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বেসরকারি ফলাফলে কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামের জয় নিশ্চিত হয়েছে।