ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন /
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলায় ব্যাপক নিরাপত্তা ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন ও মনিটরিং করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর সমন্বয়ে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। দিনের শুরু থেকেই জেলার সকল ভোটকেন্দ্রে নির্বাচনি উপকরণ নিরাপত্তার সঙ্গে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া পরিচালনা করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন—পুলিশ সুপার, কুড়িগ্রাম; অধিনায়ক, ২২ বিজিবি, কুড়িগ্রাম; সিভিল সার্জন, কুড়িগ্রাম; উপপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা; অধিনায়ক, র‍্যাব-১৩, কুড়িগ্রাম; জেলা নির্বাচন কর্মকর্তা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।