Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই এলাকার এরশাদুলের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমে ইয়াবা সেবনের অপরাধে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version