Site icon হামার কুড়িগ্রাম

রৌমারীতে মৌমাছির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত বৃদ্ধা

রৌমারী প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বেগুন ক্ষেতে কাজ করার সময় মৌমাছির আক্রমণে খলিল উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিল উল্লাহ ওই গ্রামের মৃত জামাত উল্লাহর ছেলে। আহত মর্জিনা খাতুনও একই এলাকার বাসিন্দা।

স্বজনদের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশের বেগুন ক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন খলিল উল্লাহ। এ সময় কাছের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে মৌমাছিরা খলিল উল্লাহ ও পাশের বাড়ির মর্জিনা খাতুনকে আক্রমণ করে।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খলিল উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নবিউল ইসলাম জানান, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হতে পারে। এতে দ্রুত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে মৃত্যুও হতে পারে। আহত মর্জিনা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version