Site icon হামার কুড়িগ্রাম

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন।

শনিবার (১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জানা গেছে, শরিফুল ইসলাম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাঁর তিন ভাই ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ব্যাংকে চাকরি করছেন। তবে শরিফুল প্রচলিত চাকরির পথ অনুসরণ না করে নিজ এলাকায় কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন।

বর্তমানে তিনি সমন্বিত কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করেছেন। তাঁর খামারে মৌসুমের আগেই উৎপাদিত নিরাপদ সবজি ও বিভিন্ন ফসল স্থানীয় বাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।

শরিফুল ইসলাম বলেন, “চাকরি মানেই নিরাপত্তা নয়, উদ্যোক্তা হওয়ার মধ্যেও সম্মান আছে। শিক্ষিত যুবকরা যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে আসে, তাহলে দেশের খাদ্যনিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি বেকারত্বও কমবে।”

যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক বলেন, শরিফুল প্রমাণ করেছেন শিক্ষিত যুবকরাও কৃষিকে লাভজনক পেশা হিসেবে নিতে পারেন। তিনি অন্য বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা।

স্থানীয় যুবকদের ভাষ্য, শরিফুলের সাফল্য দেখে রাজারহাটের অনেক শিক্ষিত তরুণ এখন কৃষি উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী হচ্ছেন।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version