Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কসংলগ্ন একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ মে ভূরুঙ্গামারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৬ নম্বর মামলায় আব্দুর রাজ্জাককে আসামি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সমিতির কমিটিতে পরিবর্তন আনা হয়।

এ ছাড়া তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version