বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে বড় আকৃতির একটি অজগর। সাপটি দেখতে শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় জেলের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, ধরলা নদীর কাছের একটি বিলে চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ ধরেন আব্দুস সোবহান। তিনি কুদ্দুস মিয়ার ছেলে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে জাল তুলতে গিয়ে সাপটিকে আটকা অবস্থায় দেখতে পান তিনি। পরে কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসেন।
খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
সাপটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও বাবুল শেখের ধারণা, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট। তাঁরা জানান, সাপটি জালে আটকা পড়ার স্থান থেকে ভারতীয় সীমান্ত কয়েক কিলোমিটার দূরে। তবে সাপটির উৎস সম্পর্কে তাঁদের ধারণার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণের ব্যবস্থা করতে প্রশাসনকে জানানো হয়েছে।
