Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram

কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহকারী অধ্যাপক, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং মানবাধিকারকর্মী ও সমাজসেবক জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলতাফ হোসেন, লেখক ও গবেষক রফিকুল হায়দার, শিক্ষক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রানা, শিল্পপতি রেজাউল কবীর রানু, শিল্পপতি আতাউর রহমান আতা এবং সংগীতশিল্পী মোছা. আলেয়া খাতুন।

সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ সংগঠন জেলার শিল্পী, সাহিত্যিক, লেখক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তাঁদের পেশাগত ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

Exit mobile version