ফুলবাড়ী প্রতিনিধি
সারা দেশে শারদীয় দুর্গোৎসব চললেও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় এবারও বসেনি পূজামণ্ডপ। অর্থসংকট, আয়োজনের উদ্যোগী মানুষের অভাব এবং সনাতন ধর্মাবলম্বী পরিবারের সংখ্যা কমে যাওয়ায় টানা তিন বছর ধরে সেখানে স্থানীয়ভাবে দুর্গাপূজার আয়োজন হচ্ছে না।
দেশের বৃহত্তম সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার আয়তন ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। স্থানীয় তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। ১ হাজার ৩৬৪টি পরিবারের মধ্যে সনাতন ধর্মাবলম্বী পরিবার রয়েছে ৭৫ থেকে ৮০টি।
২০১৫ সালের ৩১ জুলাই স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পর দাসিয়ারছড়া বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর কয়েক বছর সেখানে বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। তবে এবার ফুলবাড়ী উপজেলার ৭২টি মণ্ডপে পূজা হলেও দাসিয়ারছড়ায় কোনো মণ্ডপ তৈরি হয়নি।
স্থানীয় বাসিন্দা সুবর্ণা রানী বলেন, বাড়ির কাছে পূজামণ্ডপ না থাকায় শিশুদের উৎসবের আনন্দ কমে গেছে। পূজা দেখতে তাঁদের দূরের এলাকায় যেতে হচ্ছে। আরেক বাসিন্দা বিরোবালা জানান, আগে বাড়ির কাছেই পূজার আয়োজন হতো; এখন সনাতন পরিবার কমে যাওয়ার পাশাপাশি অর্থসংকটও রয়েছে।
কালিরহাট কালিমন্দির কমিটির সদস্য সুধন মোহন্তের ভাষ্য, আর্থিক সংকট, আয়োজকের অভাব এবং সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা কমে যাওয়ায় গত তিন বছর ধরে সেখানে পূজার আয়োজন করা সম্ভব হচ্ছে না।
ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল চন্দ্র রায় বলেন, উপজেলার ৭২টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। দাসিয়ারছড়ার বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আগামী বছর থেকে সেখানে আবার পূজার আয়োজন হবে বলে তাঁরা আশা করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারি-বেসরকারি সহায়তা ও উদ্যোগে আগামী বছর দাসিয়ারছড়ায় আবারও দুর্গাপূজার আয়োজন হবে।
