প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: কুড়িগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম


HK প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন /
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: কুড়িগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ২৬ মে ২০২৬

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দোবারিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম।

গত ২৩ মে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়। রওশন আরা বেগম কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের সহধর্মিণী।

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে রওশন আরা বেগম বলেন,
“আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পেছনে সহকারী শিক্ষকদের ভূমিকাই বেশি। তাদের সহযোগিতাই আমাকে এতদূর এগিয়ে নিয়ে গেছে। সেই সঙ্গে শিক্ষার্থীরাও এই অর্জনের সমান অংশীদার।”

তিনি আরও বলেন,
“আমি চাই জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আমার বিদ্যালয়ের মতো সুশৃঙ্খল ও মানসম্মতভাবে পরিচালিত হোক। প্রাথমিক শিক্ষাই একটি জাতির ভিত্তি তৈরি করে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই আমরা জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারবো।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন,
“একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। রওশন আরা বেগমের এই অর্জন নিঃসন্দেহে গর্বের। তার জন্য শুভকামনা রইলো।”

এদিকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় রওশন আরা বেগমকে অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব, কুড়িগ্রাম সাংবাদিক সংসদ, মানবিক কুড়িগ্রামসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।