
কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় ধরলা নদীর বাম তীরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। ভাঙনের আতঙ্কে থাকা এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, ধরলা নদীর বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন এলাকায় কাজ করলেও কদমতলা এলাকার প্রায় ৫০০ মিটার ভাঙনপ্রবণ অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। প্রশাসনিক জটিলতার অজুহাতে গুরুত্বপূর্ণ এই অংশে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে অতি শিগগিরই নদীগর্ভে বিলীন হতে পারে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা। একই সঙ্গে শত শত পরিবারের বসতভিটা ও ফসলি জমিও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এ সময় বক্তব্য দেন সমাজসেবক শাহানুর রহমান সৈকত, এনসিপি পাঁচগাছী ইউনিয়নের সদস্য সচিব মো. রাশেদ খান মিলন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনামুল হক, ইয়াকুব আলী ও আকতারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অবিলম্বে ভাঙনপ্রবণ ৫০০ মিটার এলাকায় বালু ভরাট ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এ অবস্থায় দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :