
তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে কুড়িগ্রামে নেওয়া হয়েছে একটি যুগান্তকারী উদ্যোগ। কুড়িগ্রাম সদর উপজেলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় আধুনিক আইটি ট্রেনিং ও আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) পাঠানো হয়েছে। অনুমোদন মিললে দ্রুত অবকাঠামো নির্মাণসহ সার্বিক কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রী।
সরকারি তথ্য অনুযায়ী, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি চালু হলে স্থানীয় তরুণ-তরুণীদের আইটি স্কিল উন্নয়ন, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এর ফলে অঞ্চলে প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, চলতি অর্থবছরে কুড়িগ্রাম-২ নির্বাচনী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নে মোট ৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ এলাকার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত আইসিটি ইনকিউবেশন সেন্টারটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম অঞ্চলে প্রযুক্তিভিত্তিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দীর্ঘদিনের পিছিয়ে পড়া এ জনপদে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার আরও প্রসারিত হবে।
আপনার মতামত লিখুন :