নাগেশ্বরীর আয়নালঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন /
নাগেশ্বরীর আয়নালঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আয়নালঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে নৌকা ও যানবাহন চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করছেন বলে দাবি স্থানীয়দের।

ভুক্তভোগী যাত্রীরা জানান, প্রতিদিন প্রয়োজনীয় কাজে ঘাট পারাপার হতে গিয়ে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের শ্রমজীবী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় এক যাত্রী বলেন,
“আগে যে ভাড়ায় পারাপার হত, এখন তার চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে। তেলের দাম বাড়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা আমাদের জন্য কষ্টকর।”

এ বিষয়ে ঘাটের মাঝি ও চালকদের দাবি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তাদের পরিচালন ব্যয় বেড়েছে। তাই বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হয়েছে।

এদিকে, স্থানীয় সচেতন মহল নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন ও তা কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে যাত্রীদের দুর্ভোগ কমবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।