ঝুঁকিতে রামহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়: ভাঙা ভবনে ক্লাস বন্ধ, খোলা আকাশের নিচে পাঠদান


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন /
ঝুঁকিতে রামহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়: ভাঙা ভবনে ক্লাস বন্ধ, খোলা আকাশের নিচে পাঠদান

ডেস্ক নিউজ


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত রামহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। জরাজীর্ণ ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পেছনের অংশে দীর্ঘদিন ধরে শেয়ালের গর্ত থাকায় মাটি দেবে গিয়ে ভবনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এর ফলে ভবনের একটি অংশ ইতোমধ্যে ভেঙে গেছে এবং অবশিষ্ট অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখেছে। বর্তমানে চতুর্থ শ্রেণিসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে, বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে ক্লাস করানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ভবনটির নাজুক অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, অবিলম্বে ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।