কুড়িগ্রামে ঈদের দিনেও থেমে নেই সেবা, জন্ম নিল নবজাতক শিশু


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ২:৩০ অপরাহ্ন /
কুড়িগ্রামে ঈদের দিনেও থেমে নেই সেবা, জন্ম নিল নবজাতক শিশু

আশির্বাদ রহমান। কুড়িগ্রাম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও কুড়িগ্রামে থেমে নেই স্বাস্থ্যসেবা কার্যক্রম। জেলার ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নিরবচ্ছিন্নভাবে চালু রেখে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের ছুটি থাকলেও জনস্বার্থ বিবেচনায় এসব কেন্দ্রে সার্বক্ষণিক সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

পরিবার পরিকল্পনা সেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, ২৪/৭ স্বাভাবিক ডেলিভারি, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা—সব ধরনের সেবা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি সফল স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়।

এতে এক নবজাতক শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত করা হয়, যা ঈদের দিনে স্বাস্থ্যসেবার একটি মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে। কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ মোজাম্মেল হক জানান, ঈদের ছুটিতেও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব কেন্দ্র সচল রাখা হয়েছে এবং সার্বিক তদারকি কার্যক্রম চলমান রয়েছে। এদিকে সহকারী পরিচালক মোঃ মেজবাহ উদ্দিন বলেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মাঠ পর্যায়ের কর্মীরা সবসময় সেবা প্রদানে নিয়োজিত আছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিভাগের এমন উদ্যোগে ঈদের আনন্দের মাঝেও সাধারণ মানুষের জন্য নিশ্চিত হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, যা প্রশংসিত হচ্ছে সর্বমহলে।