
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ষাট বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান।
নিহত আব্দুল খালেক (৬০) ওই গ্রামের বাসিন্দা। আটক তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এর জেরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।
ওসি আব্দুল্লা হিল জামান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে মানিককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :