কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডাক্তার সংকট নিরসনে এমপি ড. আতিক মুজাহিদের উদ্যোগ


HK প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন /
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডাক্তার সংকট নিরসনে এমপি ড. আতিক মুজাহিদের উদ্যোগ

নিউজ ডেস্ক হামার কুড়িগ্রাম

 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দীর্ঘদিনের চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা দূর করতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এসব উদ্যোগের বিষয়ে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে কুড়িগ্রাম সদর হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবেলায় গত ৩ মার্চ ২০২৬ তারিখে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পাঁচজন চিকিৎসককে কুড়িগ্রাম সদর হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং চিকিৎসক সংকট কমাতে এমপি ড. আতিক মুজাহিদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, পাঁচজন চিকিৎসকের পাশাপাশি আরও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে তিনি একটি ডিও (অফিসিয়াল) লেটার প্রদান করেছেন এবং বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সকলের সহযোগিতায় কুড়িগ্রামের স্বাস্থ্যসেবার বিদ্যমান সংকট দ্রুত দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এছাড়া এমপি ড. আতিক মুজাহিদ স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা নিয়ে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত-এর সঙ্গে আলোচনা করেছেন। এ সময় কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক সংকটসহ সামগ্রিক সমস্যাগুলো তুলে ধরেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

 

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ থেকেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনে কাজ করে আসছেন ড. আতিক মুজাহিদ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর কাছে একটি ডিও লেটার পাঠিয়েছেন।

ডিও লেটারে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলা দেশের অন্যতম দরিদ্র ও অবহেলিত অঞ্চল হিসেবে পরিচিত। জেলার বিপুলসংখ্যক সাধারণ ও শ্রমজীবী মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণের প্রধান ও প্রায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। অথচ অনুমোদিত প্রায় ১২০ জন চিকিৎসকের স্থলে বর্তমানে মাত্র ১৯ জন চিকিৎসক দিয়ে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে রোগীরা সময়োপযোগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে কয়েকটি বিশেষজ্ঞ পদে চিকিৎসক পদায়নের প্রয়োজনীয়তার কথা ডিও লেটারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চর্মরোগ বিশেষজ্ঞ, প্যাথলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ এবং ডেন্টাল সার্জনের পদ অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রায় প্রতি সপ্তাহেই বিনা চিকিৎসায় একজন করে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি যেন শুধু ডিও লেটারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দীর্ঘদিনের চিকিৎসক সংকট দূর করার পাশাপাশি হাসপাতালের অব্যবস্থাপনা নিরসন, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি স্থাপন এবং আইসিইউ সুবিধা চালুর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগও গ্রহণ করা প্রয়োজন।