তীব্র শৈত্যপ্রবাহে হকবাজারে অসহায়দের পাশে দাঁড়াল হকবাজার মানব কল্যাণ যুব সংঘ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন /
তীব্র শৈত্যপ্রবাহে হকবাজারে অসহায়দের পাশে দাঁড়াল হকবাজার মানব কল্যাণ যুব সংঘ

ডেস্ক নিউজ


ফুলবাড়ী উপজেলার হকবাজার এলাকায় তীব্র শৈত্যপ্রবাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন।

এমন কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান শেখ (বগুড়া)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলার ২ নম্বর শিমুলবাড়ি ইউনিয়নের হকবাজারে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে শীতার্ত মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হকবাজার মানব কল্যাণ যুব সংঘের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে শীতার্ত মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।