উলিপুরে গভীর রাতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা, জব্দ ২ ট্রাক্টর


hamarkur6 প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন /
উলিপুরে গভীর রাতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা, জব্দ ২ ট্রাক্টর

শাহজাহান খন্দকার, উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গভীর রাতে অবৈধভাবে কৃষিজমি ও নদী তীর থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে (১৪ জানুয়ারি ২০২৬) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে রাতের আঁধারে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এছাড়াও একই দিনে উলিপুর পৌরসভার ব্র্যাক অফিসের পেছনে বুড়িতিস্তা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে মো. রাকিব নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দুর্গাপুর ইউনিয়নউলিপুর পৌরসভার চিলমারী সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি উত্তোলনের ফলে কৃষিজমি, নদী তীর ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে কৃষিজমি ও নদী পাড় থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল। প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

সচেতন মহলের মতে, উলিপুরে অবৈধ মাটি উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।