
মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ বলে রায় দেয়।
আপিল শুনানি শেষে পনির উদ্দিন আহমেদ বলেন,
“নির্বাচন কমিশনে করা আমাদের আপিল মঞ্জুর হয়েছে। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই এক সপ্তাহ ছিল আমার জন্য ভিন্নরকম অভিজ্ঞতা। দেশে-বিদেশে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।”
তিনি মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিল হওয়ায় তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান শুনানিতে আপিলকারী প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। শেষ দিনে জমা পড়ে ১৭৬টি আপিল।
ইসি জানায়, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে এ শুনানি চলবে।
আপনার মতামত লিখুন :