
কুড়িগ্রাম প্রতিনিধি
পবিত্র রমজান মাসে স্কুলসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে কুড়িগ্রামে সমাবেশ করেছে “সচেতন শিক্ষার্থীবৃন্দ, কুড়িগ্রাম”। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীরা রমজান মাসে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। সিয়াম পালন, তারাবির নামাজ আদায় ও অন্যান্য ইবাদত-বন্দেগির মাধ্যমে এ মাসে দ্বীনি চর্চা বৃদ্ধি পায়, যা একজন শিক্ষার্থীর নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, একজন শিশু কাঁচা মাটির মতো। শিশুকালেই তার মধ্যে দ্বীনি চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। কিন্তু রমজান মাসে নিয়মিত ক্লাস চলমান থাকলে শিক্ষার্থীরা সঠিকভাবে রোজা রাখা, তারাবির নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করতে পারবে না। এতে তাদের দ্বীনি চর্চা ব্যাহত হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নীতি-নৈতিকতার অবক্ষয় স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই ঘাটতি পূরণে রমজান মাসে শিক্ষার্থীদের জন্য দ্বীনি চর্চার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।
শিক্ষার্থীরা দাবি করেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের এ অধিকার নিশ্চিত করতে বাধ্য।
তারা উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের আমলে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের রমজান মাসে স্কুল বন্ধ রাখা হয়েছিল। তবে ২০২৬ সালে পুনরায় রমজানে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত দুঃখজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে যদি রাষ্ট্রীয় ছুটি নিশ্চিত করা যায়, তবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মাস রমজানে কেন মুসলিম শিক্ষার্থীদের সেই সুযোগ দেওয়া হবে না। তারা এটিকে বৈষম্যমূলক আচরণ হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, পবিত্র রমজানে কলেজ বন্ধ রাখা হলেও শিশুদের স্কুল খোলা রাখা হয়েছে, যা অযৌক্তিক। বরং শিশুদের জন্য রমজানে ছুটি দেওয়া বেশি প্রয়োজন। এছাড়া রমজান মাস শুরুর অন্তত সাত দিন আগে থেকেই স্কুল বন্ধ রাখার দাবি জানান তারা, যাতে শিক্ষার্থীরা রমজানের প্রস্তুতি নিতে পারে।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা না করা হলে দেশের ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
আপনার মতামত লিখুন :