
বুধবার (১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সচেতন ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীদের হাতে ছিলো “Justice For Hadi” এবং “হাদি হত্যার বিচার চাই” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। বৃক্ষরোপণের মধ্য দিয়েই তারা হাদী হত্যার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। বক্তারা বলেন, সবুজ ও জীবনের বার্তার সঙ্গে ন্যায়বিচারের দাবিও আজ অবিচ্ছেদ্য।
শহীদ ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবিরোধী, বৈষম্য, নিপীড়ন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের একজন সাহসী ও আপসহীন কর্মী। অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান, নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার কণ্ঠ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে রাজপথে তাঁর ভূমিকা আন্দোলনের ইতিহাসে অনন্য। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি শহীদ হন, যা আজ ছাত্রসমাজের কাছে প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, “বকুল ঝরে পড়ে মাটিতে, তবু তার সুবাস বাতাসে থেকে যায়। ঠিক তেমনি কিছু মানুষ চলে যান—কিন্তু তাঁদের ত্যাগ, সাহস আর স্মৃতি সময় পেরিয়েও হৃদয়ে অম্লান থাকে। শহীদ ওসমান হাদী তেমনি এক নাম—তিনি নেই, তবু ন্যায় ও প্রতিবাদের ভাষায় আজও আমাদের পাশে আছেন।”
তিনি আরও বলেন, ছাত্রসমাজকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে বের করে গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতিতে যুক্ত করাই এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম বলেন, “শহীদ ওসমান হাদী ভাই ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। তাঁর স্মরণে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা জীবন, সবুজ ও ভবিষ্যতের বার্তা দেওয়ার পাশাপাশি তাঁর হত্যার বিচারের দাবিও স্পষ্টভাবে তুলে ধরছি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব আল আরমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শ ধারণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা আগামী দিনগুলোতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি হাদী হত্যার বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :