
নিউজ ডেস্ক
কুড়িগ্রাম-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই বড় ধরনের নাটকীয়তা দেখা দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই প্রক্রিয়ায় জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থীসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র ও সমর্থকদের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, দাখিলকৃত তথ্যে কিছু অসংগতি পাওয়ায় আমার বাংলাদেশ পার্টি (এবি)-এর প্রার্থী নজরুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল বা স্থগিত হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।
কুড়িগ্রাম-২ আসনে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল ও স্থগিতের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :