
ডেস্ক নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। একই সঙ্গে ওই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তবে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী নয় প্রার্থীর মধ্যে জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপিসহ বাকি সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জাপা প্রার্থী পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ওই মামলার তথ্য তিনি তার হলফনামায় উল্লেখ না করায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান তার হলফনামায় একাধিক প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে উভয় প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ বলেন,
“আমার নামে যে মামলা হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না। না জানলে কীভাবে হলফনামায় উল্লেখ করব? আজ শুনলাম ঢাকার মিরপুরে আমার নামে মামলা হয়েছে এবং সেই কাগজ নিয়ে এসে জমা দেওয়া হয়েছে। আমি কি মিরপুরে গিয়ে যুদ্ধ করছি? মামলা তো হতেই পারে। এখন আমি আপিল করব।”
আপনার মতামত লিখুন :